ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, ৬ জনের মৃত্যু

96

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় শনিবার রাত দুইটার দিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে মূল কেন্দ্রে এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্যাক্রামেন্টো নগরীর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। আর আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ। এরা সকলেই প্রাপ্তবয়স্ক।

এদিকেে এ ঘটনায় জড়িতদের ধরতে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

ক্যাথি লেস্টার বলেন, কর্মকর্তা এবং আশেপাশের টহলরত পুলিশ সদস্যরা আওয়াজ শুনতে পায় এবং দেখে লোকজন ভয়ে দৌড়াদৌড়ি করছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বড়ো আকারের ভীড় এবং গুলিতে হতাহতদের দেখতে পান।

উল্লেখ, যুক্তরাষ্ট্রে ৩০ শতাংশ প্রাপ্ত বয়স্ক লোকের প্রত্যেকের কাছে অন্তত একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে। ২০২০ সালে দুই কোটি ৩০ লাখেরও বেশি বন্দুক বিক্রি হয়েছে দেশটিতে, যা রেকর্ড সৃষ্টিকারী।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে স্যাক্রামেন্টো মেয়র ডারেল স্টেইনবার্গ হাসপাতালে চিকিৎসারত আহতদের কারো কারো অবস্থা গুরুতর বলে বর্ণনা করেন।

তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনা বর্ণনার জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন। এই বন্দুক সহিংসতাকে যুক্তরাষ্ট্রের জন্য সংকট হিসেবে বর্ণনা করেন তিনি।

সূত্র: বাসস