ঢাকা সংবাদদাতা: লন্ডনে চিকিৎসা ও ব্যক্তিগত সফর শেষে ৩ মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ (বুধবার) বিকেল ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বেগম জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ দলটির শীর্ষ নেতারা।
এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বেলা সাড়ে ৩টা থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতা থেকে শুরু করে ঢাকা ও এর আশপাশ এলাকার নেতাকর্মীরাও এ অভ্যর্থনায় অংশ নেন।
এ সময় তাদের নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার পাশে মানবপ্রাচীর তৈরি করতে দেখা যায়।
এছাড়া বিমানবন্দরের বাইরে ও আশপাশের সড়কে অবস্থানকারী নেতা-কর্মীরা নানা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসায় যাবেন খালেদা জিয়া।
এদিকে কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে এসব পরোয়ানার বিরুদ্ধে দেশজুড়ে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি।
গেলো ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।















