সিলেটের যেসব এলাকায় আজ বন্ধ থাকবে ব্যাংক

269

সিলেট সংবাদদাতা :: আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের ৮টিসহ দেশের বিভিন্ন এলাকায় ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা বা উপশাখা বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশে ব্যাংক।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব এলাকায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, সপ্তম ও শেষ ধাপে সিলেট বিভাগের যে ৮ ইউনিয়নে ভোটগ্রহণ হবে সেগুলো হচ্ছে- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নিজপাট, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী।

ওয়ান বাংলা নিউজ / ৭ ফেব্রুয়ারি ২০২২ / আল-আমিন