সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

93
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :: পুরুষদের সাফ টুর্নামেন্টে গ্রুপপর্ব পেরোতেই নাভিশ্বাস ওঠে জামাল ভূঁইয়াদের। মেয়েদের সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে একের পর এক জয় তুলে চমকে দিচ্ছেন মারিয়া মান্দারা।

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলেন বাংলাদেশের ফুটবলকন্যারা। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ভারতকে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার সিনিয়র।

কমলাপুরের এই জয় মওলানা ভাসানী স্টেডিয়ামে হারের প্রতিশোধ। বুধবার ঢাকায় চলমান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের কাছে ৯-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই হারের যেন প্রতিশোধ নিলেন মারিয়া মান্দারা।

তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পাঁচ দলের আসরে শীর্ষে উঠে গিয়েছিল বাংলাদেশ। তবে বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। রাতে দ্বিতীয় ম্যাচে নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়ে শীর্ষে উঠে যায়। তিন ম্যাচে বাংলাদেশ ও নেপালের পয়েন্ট সমান ৭।

গোল গড়ে এগিয়ে শীর্ষে নেপাল। দুইয়ে বাংলাদেশ। সমান ম্যাচে দুই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ছয় পয়েন্ট। তিন ম্যাচ খেলা ভুটানের তিন পয়েন্ট। সমান ম্যাচে কোনো পয়েন্ট পায়নি শ্রীলংকা। সব দল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণ করে খেলেছে। ম্যাচে স্বাগতিকরা একাদশে তিনটি পরিবর্তন আনে। আনুচিং মোগিনী, সাহেদা আক্তার রিপা ও আফয়েইদা খন্দকারের জায়গায় খেলেছেন নিলুফার ইয়াসমিন নীলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়া। ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ।

৬ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সে ঢুকতে তহুরা খাতুনকে ফেলে দেন ভারতীয় ডিফেন্ডার ক্রিতিনা দেবী। পেনাল্টির বাঁশি বেজে ওঠে। স্পটকিক থেকে শামসুন্নাহার সিনিয়র জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার আনশিকা বলের লাইনে ঝাঁপালে নাগাল পাননি (১-০)।

এক গোলে পিছিয়ে পড়ার পর ভারত চড়াও হয়ে খেলতে থাকে। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল তারা। ৬৩ মিনিটে বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা এগিয়ে এসেছিলেন। সুমাতি তার মাথার ওপর দিয়ে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি।

পরে গোল করার আর কোনো সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি সফরকারীরা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রোববার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ওয়ান বাংলা নিউজ / ১৮ ডিসেম্বর ২০২১ / সুমন আহমদ