কুমিল্লায় কাউন্সিলর হত্যার ২ আসামি বন্দুকযুদ্ধে নিহত

363
সাব্বির হোসেন ও সাজন

ঢাকা সংবাদদাতা :: কুমিল্লা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলায় দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামলার ৩ নম্বর আসামি সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন ও ৫ নম্বর আসামি সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করতে সংরাইশ ও নবগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। পরে সংরাইশ গোমতী নদীর বেড়িবাঁধের নিকটে ডিবি ও থানা পুলিশের টিম পৌঁছালে আসামিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পরে জীবন বাঁচাতে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন আসামি পালিয়ে যান।

তিনি বলেন, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের গুলিতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ পিস্তল, একটি পাইপগান, পিস্তলের অব্যবহৃত গুলি, গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। সরকারি কাজে বাধা, হত্যা ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওয়ানবাংলানিউজ / ৩০ নভেম্বর ২০২১ / আল-আমিন