টেস্ট সিরিজে খেলবেন সাকিব

111
সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক :: ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে এরপরই হতে যাওয়া টি-২০ সিরিজে তিনি খেলবেন বলে জানা গেছে।

গত ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেন নির্বাচকরা। সেদিন জানানো হয়, আগামী ২২ নভেম্বর টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, ২১ নভেম্বর দিবাগত রাতে (২২ নভেম্বর) দেশে ফিরবেন সাকিব। তিনি দেশে ফেরার পরই টেস্ট দল ঘোষণা করা হবে।

বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। এই অলরাউন্ডারের চোট সেরে যাওয়ায় তাকে নিয়েই টেস্টের পরিকল্পনা করা হয়েছে। ফলে ঢাকায় পা রাখার একদিন পরই সাকিবকে চট্টগ্রামের বিমান ধরতে হবে। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই একই চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে।

জাতীয় দলের নীতিনির্ধারণী এক সূত্র জানিয়েছে, ‘সাকিব যুক্তরাষ্ট্র থেকে সোমবার (২২ নভেম্বর) দেশে ফিরবে। পরদিন (২৩ নভেম্বর) দুপুর দুইটায় জাতীয় দল প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে রওয়ানা দিবে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পাকিস্তান দলও চট্টগ্রামে যাবে। সাকিব আসার দিনই টেস্টের দল ঘোষণা করা হবে।’

এর আগে নির্বাচকরা জানিয়েছিলেন, সাকিব টেস্টে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। টি-২০ সিরিজে সাকিব না থাকায় দল বেশ ধুঁকেছে। সাকিবের মত নেই আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই টেস্টে সাকিব-মুশফিক দুজনই অংশ নেবেন, এমনই জানিয়েছে সূত্র।

একনজরে টেস্ট সিরিজের সূচি:

১ম টেস্ট – ২৬-৩০ নভেম্বর – জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট – ৪-৮ ডিসেম্বর – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

ওয়ানবাংলানিউজ / ২১ নভেম্বর ২০২১ / আল-আমিন