খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির জয়রথ ছুটছেই। রোববার রাতে আজারবাইজানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এতে বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছেন জোয়াকিম লো’র শিষ্যরা।
রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে জার্মানি। এর সবক’টিতেই জয় তুলে নিয়েছে দলটি। এর আগে এ কৃতিত্ব ছিল স্পেনের। ২০১০ বিশ্বকাপ বছাইপর্বে ১০ ম্যাচ খেলে সবক’টিতেই জেতেন ইনিয়েস্তারা।
এদিনের ম্যাচটি ছিল জার্মানির ১০ম ম্যাচ। এ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি বাছাইপর্বের খেলায় নতুন রেকর্ড গড়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল।
বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বের ইতিহাসে এখন সবচেয়ে গোল ব্যবধান বেশি জার্মানির। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে এ পর্যন্ত ৪৩টি গোল করেছে জার্মানরা। আর গোল হজম করেছে মাত্র ৪টি। সব মিলিয়ে এতে গোল ব্যবধান দাঁড়িয়েছে ৩৯টি। যা বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে সর্বোচ্চ।
আগে এ রেকর্ড ছিল রোমানিয়ার দখলে। ১৯৯৮ বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৩৩ গোলের ব্যবধান ছিল ইউরোপ মহাদেশের দলটির। ১৯ বছরের সেই রেকর্ড ভেঙেই নতুন ইতিহাস তৈরি করেছে ম্যানুয়েল ন্যুয়ারের দল।
আজারবাইজানের বিপক্ষে জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান বাছাইপর্বের ‘সি’ গ্রুপের টেবিলে সবার ওপরে রয়েছে জার্মানি। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে দলটি। ১১ পয়েন্ট পিছিয়ে এ গ্রুপের পরের স্থানে রয়েছে উত্তর আয়ারল্যান্ড। তবে এখনো দলটির বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়নি।















