ঢাকা সংবাদদাতা: উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হয়েছে জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে। গতকাল বিকালে এয়ার এম্বুলেন্সে করে ব্যাংকক নেয়া হয় বার্ধক্যজনিক নানা রোগে আক্রান্ত সাবেক এই ফার্স্টলেডিকে। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৯টায় থাইল্যান্ড পৌঁছেছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শুরু হবে তার।
রওশন এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ই আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই-অক্সইডের উপস্থিতি পান।
তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০ এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে। অবস্থার অবনতি হলে ১৬ই আগস্ট তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে আইসিইউ থেকে গত ২৫শে আগস্ট তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার ফের অবনতি হলে গত ২০শে অক্টোবর আবার আইসিইউতে নেয়া হয় তাকে।















