ব্রিটিশ এমপি অ্যামেস হত্যার ঘটনাটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা: পুলিশ

429

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টর সদস্য ডেভিড অ্যামেস পূর্ব লন্ডনে তার নির্বাচনী এলাকায় ছুরিকাঘাতে হত্যার ঘটনাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেছে পুলিশ।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এই এমপিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সি এক ব্রিটিশ যুবককে আটকের পর জিজ্ঞাবাদে এ তথ্য পেয়েছে পুলিশ। খবর বিবিসির।

অ্যাসেক্সের পুলিশ জানিয়েছে, সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি ৬৯ বছর বয়সি অ্যামেস শুক্রবার দুপুরে লে-অন-সি মেথোডিস্ট গির্জায় ভোটারদের সঙ্গে বৈঠক করার সময় এক ব্যক্তির ছুরি হামলার শিকার হন।

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এমপি ডেভিড অ্যামেসকে আহত অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

পুলিশ বলছে, অ্যামেসের হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা একটি ছুরি উদ্ধার করেছে। আটকের পর জিজ্ঞাবাদে হত্যাকারী স্বীকার করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির বাইরে নিহত হয়েছিলেন লেবার পার্টির এমপি জে কক্স। সেখানকার নির্বাচনী এলাকায় একটি বৈঠক করার কথা ছিল তার।