আন্তর্জাতিক ডেস্ক :: ভিসা কমানো এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনামূলক মন্তব্যের জেরে নিজেদের আকাশসীমায় ফ্রান্সের সামরিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।
রোববার ফরাসি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র পাসকাল ইয়ানি বলেন, ‘আজ সকালে আমরা দুটি ফ্লাইট পরিচালনার বিষয় অবহিত করি। আমরা জানতে পারি, আলজেরিয়া তাদের আকাশসীমায় ফরাসি সামরিক বিমান চলাচল নিষিদ্ধ করেছে।’
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তে সাহেল অঞ্চলে ‘আমাদের সামরিক অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের প্রভাব পড়বে না’।
তবে ফরাসি সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার বিষয়ে আলজেরিয়া সরকার কিংবা সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
‘বারখান অপারেশনের’ অংশ হিসেবে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ফরাসি জঙ্গি বিমানগুলো আলজেরিয়ার ভূখণ্ডের ওপর দিয়ে নিয়মিত যাতায়াত করতো।
সাবেক ফরাসি উপনিবেশ আলজেরিয়া ফ্রান্সের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আসছে।
সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই ইতিহাসকে ‘মনগড়া’ বলে মন্তব্য করেন। এছাড়া আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়ার নাগরিকদের জন্য ফরাসি ভিসার সংখ্যা কমানোরও ঘোষণা দেন তিনি।
ফরাসি দৈনিক লা মন্ডে জানায়, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের পক্ষে যুদ্ধ করা আলজেরীয় নাগরিকদের বংশধরদের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি বলেন, আলজেরিয়ার আনুষ্ঠানিক ইতিহাস ‘সত্যের ভিত্তিতে নয় বরং ফ্রান্সের প্রতি ঘৃণার মনোভাব থেকে’ পুনর্লিখিত হয়েছে।
এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শনিবার প্যারিস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় আলজিয়ার্স।
আলজেরিয়ার প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়, ঔপনিবেশিক ফ্রান্স আলজেরিয়ায় যে অপরাধ করেছে সেটি প্রকৃতপক্ষে গণহত্যা। আর ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের মধ্য দিয়ে সেই মানুষদের অসহনীয় অপমান করা হয়েছে যারা উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
ওয়ানবাংলানিউজডটকম / ৪ অক্টোবর ২০২১ / আল-আমিন















