‘ইরানের পানিসীমায় শত্রুদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’

169

আন্তর্জাতিক ডেস্ক: শত্রুর যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। দেশের পানিসীমায় শত্রুর যেকোন ভুলের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও হুশিয়ার করেছেন তিনি।

শনিবার নৌবাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানি নৌসেনাদের জবাব এতোটাই কঠোর হবে যে, শত্রুদেরকে তাদের ভুল পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে হবে।

ইরানের এ কমান্ডার বলেন, তেহরানের ওপর অব্যাহত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের তরুণরা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আবিষ্কার করে দেশকে সামরিক খাতে স্বনির্ভর করেছেন।

এদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ফের শুরু করতে ‘সদিচ্ছার প্রমাণ’ হিসেবে ওয়াশিংটনকে আটকে রাখা অর্থের মধ্যে এক হাজার কোটি ডলার ছাড় করতে বলেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান জানিয়েছেন, গত মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা ফের শুরু করার কথাবার্তা বলার চেষ্টা করেছিলেন।

তখন তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনার বিষয়ে ওয়াশিংটনের যদি আগ্রহ থাকে, তাহলে তাদেরকে প্রথমে আটকে রাখা তেহরানের টাকার মধ্যে এক হাজার কোটি ডলার ছাড় করে ‘সদিচ্ছার প্রমাণ দিতে হবে’।