না ফেরার দেশে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ; সিলেট-লন্ডনে শোকের ছায়া

425

সিলেট সংবাদদাতা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ এক সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট কলামিস্ট ও জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ। সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

জানা গেছে, অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ থেকে সিলেট নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার হাসপাতালেই মারা যান তিনি। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার পৌর শহরের এমসি একাডেমী স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

প্রয়াত অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের বাড়ি গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নে। তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ নামে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়া তিনি গেল উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাছাড়া সমাজে রয়েছে তার অসামান্য অবদান। করোনাকালে এলাকার অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। দিয়েছেন খাদ্য ও নগদ অর্থ সহায়তা। তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আহিদ আহমদের বড় ভাই।

তার অকাল মৃত্যুতে গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ গোটা সিলেটে এবং লন্ডন প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।