বিনোদন ডেস্ক: ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় আলোচনায় আসা সেই ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর বারিধারার ৯ নং রোডের ৩ নং বাসা থেকে তাকে আটক করা হয়।
রোববার রাতে বারিধারার বাসা থেকে তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
ডিবি পুলিশ জানায়, পিয়াসার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এসময় তার বাসা থেকে মদ, ইয়াবা, বিয়ার উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানান।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার।
প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু পরবর্তীতে সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগীদের একজন। ঘটনার ৪ বছর পর আবারও আলোচনায় সেই পিয়াসা।












