মির্জা ফখরুল অবলীলায় সুন্দরভাবে মিথ্যা বলেন : তথ্যমন্ত্রী

450

ঢাকা সংবাদদাতা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে অভিনয় ও মডেল শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নাম বিকৃত করে হাছা মাহমুদ বলেছেন-সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। প্রথমত কারো নাম বিকৃত করে উচ্চারণ করা কোনো ভদ্রলোকের কাজ নয়। কোনো ভদ্রলোকের আর একজন মানুষের নাম বিকৃত করে বলা অনুচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে তো ভদ্রলোক বলে জানতাম। তিনি কেন হঠাৎ করে এভাবে নাম বিকৃত করে বলা শুরু করলেন বুঝতে পারছি না। সম্ভবত তারা তো তাদের রাজনীতি নিয়ে প্রচণ্ড হতাশ। সেই হতাশা থেকে কখন কী বলে বসছেন। তারা খেই হারিয়ে ফেলেছেন।

তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। ওনাকেও তো অনেকেই মিথ্যা ফখরুল বলেন। অনেকেই বলেন, উনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, অবলীলায় সুন্দরভাবে মিথ্যা কথা বলেন, এজন্য অনেকেই মিথ্যা ফখরুল বলেন। আমি এটা বলতে চাই না। কারণ এটা বলা সমীচীন নয়। মানুষে বললেও আমি সেটা বলতে চাই না। প্রকৃত বিষয় হচ্ছে, তারা খেই হারিয়ে ফেলেছেন।