সাবেক এমপি শাহিনুর পাশা আটক

382

সিলেট সংবাদদাতা: হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে (৬৭) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এসএমপির বিমানবন্দর থানার ওসি ময়নূল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

পুলিশের একটি বিশেষ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তা তাৎক্ষণিকভাবে তারা জানায়নি।

মাওলানা শাহিনুর পাশা চৌধুরী জমিয়তের উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামে।

প্রসঙ্গত, ২০০৫ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর ওই বছরের ২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী।