বিএনপি নেতা আসলামকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

212

ঢাকা সংবাদদাতা: রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা প্রায় আট বছর আগের একটি নাশকতার মামলায় বিএনপি নেতা আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। এর আগে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহের মামলায় পাঁচ বছর আগে গ্রেপ্তার হন বিএনপি নেতা আসলাম চৌধুরী।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

নাশকতার মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জামায়াতসহ সমমনা ১২টি ইসলামী দল হরতাল ডাকে। সেদিন হরতালের সমর্থনে কোতোয়ালি থানার বাবুবাজার মসজিদের সামনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আসলাম চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৬৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ আজ কোতোয়ালি থানায় করা আট বছর আগের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে চেয়েছিল পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

আসলাম চৌধুরীর আইনজীবী আরো জানান, গত ফেব্রুয়ারি মাসেও শাহবাগ থানায় করা আট বছর আগের একটি মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিন রিমান্ডে নেয়া হয়েছিলো।

আসলাম চৌধুরী সর্বশেষ দুটি মামলা ছাড়া বাকি সব মামলায় জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী তাহেরুল ইসলাম। তার দাবি, আসলাম চৌধুরী যাতে কারাগার থেকে ছাড়া না পান, সে জন্য তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মামলায় ১০১ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।