ঢাকা সংবাদদাতা: সুলভমূল্যে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে দেশে সাবমেরিন ক্যাবলের দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কুয়াকাটায় এই ল্যান্ডিং স্টেশনটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, দুবার বিনা পয়সায় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েও অজ্ঞতার কারণে বিএনপি সে সুযোগ হাতছাড়া করে দেশকে পিছিয়ে দিয়েছিল। রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের দূরদৃষ্টি না থাকলে দেশ যে পিছিয়ে যায়, তা এই মুহূর্তে জনগণ বুঝতে পারছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ।
‘আমাদের দুর্ভাগ্য যে, তখন বিএনপি ক্ষমতায়। তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলল যে, এটা নাকি সংযুক্ত করা যাবে না। কারণ এটা সংযুক্ত করলে বাংলাদেশের সকল তথ্য প্রকাশ হয়ে যাবে। কাজেই এটা করা ঠিক হবে না, করা যাবে না’, বলেন প্রধানমন্ত্রী।
‘একবার ৯১ সালে সংযোগের প্রস্তাব আসে, আরেকবার ৯৪ সালে আসে। দুবারই তারা নাকচ করে দেয়। এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যজনক যে, দেশ যারা চালাবে তাদের যদি একটা, মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা না থাকে, স্বপ্ন না থাকে বা এই টেকনোলজি সম্পর্কে জ্ঞান না থাকে, তো দেশ যে কত পিছিয়ে যায়, এটা নিশ্চয় আজকে দেশের মানুষ উপলব্ধি করতে পারেন’, যোগ করেন প্রধানমন্ত্রী।















