ঢাকা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী উমমে সালমা নামের(৫৫) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় সময় সদর উপজেলার ভিমরুল্লা এলাকার জেলাখানার সামনে এই দূর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধু উমমে সালমা নাটোর জেলার নজরপুর গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তারা দুজনই চুয়াডাঙ্গা দর্শনা পল্লী বিদূৎ অফিসে চাকরি করেন। চাকরীর সুবাদে তারা দুজন চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে আটটায় স্বামীর সাথে উমমে সালমা দর্শনা চাকরীস্থল থেকে মোটরসাইকেল করে দৌলতদিয়ার ভাড়া বাসায় ফিরছিল। এসময় শহরের ভিমরুল্লা এলাকার জেলখানার সামনে সড়কের উপর গতিরোধক অতিক্রম করার সময় স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান উমমে সালমা। এ সময় তার মাথায় প্রচুর আঘাত লাগে।
পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় উমমে সালমা মারা যান। নিহত উমমে সালমার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।















