ঢাকা সংবাদদাতা: নোয়াখালীর হাতিয়া উপজেলায় আন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার বিকেলে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি হয়েছে।
এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের ওছখালীর বাসভবনে হামলা হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, ৩০ আগস্ট উপজেলার সোনাদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় রিয়াজ উদ্দিন নামের এক যুবলীগকর্মী নিহত হন। এ ঘটনায় নিহত রিয়াজ উদ্দিনের বাবা কোরবান আলী বাদী হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীসহ ১৫৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে গত কয়েক দিন মোহাম্মদ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওলি উল্যার অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দুপুর ২টার দিকে পৌর শহরের ওছখালী বাজারে অবস্থিত প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ গেট এলাকায় ওলি উল্যাহ ও মোহাম্মদ আলীর অনুসারীরা একত্রিত হলে উত্তেজনা দেখা দেয়। এর একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। পরে ওলি উল্যাহ গ্রুপের লোকজন বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের বাসভবনে হামলা চালায়। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
পরে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।















