ঢাকা সংবাদদাতা: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জ্যাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রতন প্রিয় চাকমা ওরফে ধিমান নামে জনসংহতি সমিতির (এমএন লারমা) দলের সদস্য নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রতন প্রিয় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে বুদ্ধ মঙ্গল চাকমার ছেলে।
বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত রতন প্রিয় জনসংহতি সমিতির (এমএন লারমা) দলের নেতা ও নানিয়াচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন। ছুটি পেয়ে তিনি বাঘাইছড়ি নিজ বাড়িতে ছুটি কাটাতে যান। এ খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন গত শনিবার রাতে রতন প্রিয়র বাড়িতে যায়।
১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তার বাড়ি ঘেরাও করে। রাত সাড়ে ১২টার দিকে চারজন দুর্বৃত্ত তার ঘরে ঢোকে। দুর্বৃত্তদের কাছ থেকে রক্ষা পেতে তিনি স্ত্রী বন্যাদেবী চাকমা ও তিন সন্তানকে জড়িয়ে ধরেন। স্ত্রী-সন্তানদের জড়িয়ে রাখা অবস্থায় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। রতনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর চলে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার জন্য রতন প্রিয় চাকমার পরিবারের লোকজন জেএসএস মূল দলকে দায়ী করেছে। এ খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন জানান, ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে মর্গের জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।















