লন্ডনে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেএমজি- মাহবুব এন্ড কোং গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’

1446

ওয়ানবাংলানিউজ: লন্ডনে এই প্রথমবারের মতো বৃহত্তরভাবে হেকনী ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৬-৭ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ‘জেএমজি- মাহবুব এন্ড কোং গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’। এই টুর্নামেন্ট আয়োজন করছে লন্ডন ক্রিকেট লীগ।

এ উপলক্ষ্যে গত বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় এক রেষ্টুরেন্টে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়। জেএমজি ও মাহবুব এন্ড কোং গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজক লন্ডন ক্রিকেট লীগের প্রেসিডেন্ট আবু সুফিয়ান ঝিলামের পরিচালনায় সাংবাদিকদের কাছে এই টুর্নামেন্টের বিস্তারিত সব কিছু তুলে ধরেন।

তিনি বলেন, দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টে নক আউট পদ্ধতিতে ১৬ টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি টীমে ৯ জন করে খেলেয়াড় ১০ ওভার করে খেলবেন। এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের একটি নিজস্ব প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। এছাড়াও কমিউনিটির সাথে একটি সেতুবন্ধন সৃষ্টি করাই মূল লক্ষ্য।

জেএমজি কার্গোর মনির আহমেদ বলেন, বতমান সময়ে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে তাদের অবস্থান সুদৃঢ় করছে। লন্ডন ক্রিকেট লীগ বৃটেনের বাংলাদেশী কমিউনিটি তরুণ প্রজন্মদের ক্রীড়াক্ষত্রে আরো বেশি সম্পৃক্ততার মাধ্যমে নতুন ধারা সৃষ্টি করতে পারবে।

মাহবুব এন্ড কোং এর মাহবুব মোর্শেদ বলেন, প্রবাস জীবনে হাজারো ব্যস্ততার মাঝে এই ধরণের উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের আরো বেশি সক্রিয় করে তুলে। বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী কমিউনিটি অনেক এগিয়ে গেছে। ধীরে ধীরে ক্রিকেট অঙ্গনেও নিজেদের প্রতিষ্ঠিত করে তুলবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল গোল্ড কাপের পাশাপাশি পাবে নগদ ১৫০০ পাউন্ড এবং রানার আপ দল সিলভার কাপ ও নগদ ১০০০ পাউন্ড। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য থাকছে বিশেষ কাপ ও পুরষ্কার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, লন্ডন ক্রিকেট লীগের প্রধান নির্বাহী নাহিদ নেওয়াজ রানা, পরিচালক মীর আব্দুল আউয়াল তারেক, আরিফ হোসাইন সহ অনেকে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো – সুনামগঞ্জ চ্যালেন্জার, তৈয়বস নাইট ওয়ারিার্স, ওকিং টাইগার, সিপিএম ইউকে, চিটাগাং কিংস, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন লন্ডন, পোর্টসমাউথ টাইগার্স, বাংলাদেশ সেন্টার ক্রিকেট ক্লাব ইউকে, লুটন ইয়ং ব্লাড ক্রিকেট টীম, মৌলভীবাজার ডায়নামাইটস, খুলনা টাইগার্স, তিতাস স্পোটর্স ক্লাব, ফ্রেন্ডস স্পোটর্স ক্লাব, বিডি টাইগার্স।

এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে সিটি লর্ড, প্রিন্ট আর্ট ফর ইউ, সুন্দরবন ফাউন্ডেশন, লাস্ট মিনিট প্রিন্ট, প্রিমিয়ার প্রপার্টি, আলতামিরা।
পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ইউরোপ ও সাপ্তাহিক দেশ।