নিজ দলের কর্মী-সমর্থকদের ওপর ক্ষেপলেন ট্রাম্পের ২ ছেলে

232

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফল নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে। নির্বাচনের পর দিন টুইটে তারা রিপাবলিকানদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করে বলেছেন, তাদের দল ‘দুর্বল’ হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন– ‘ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। কিন্তু উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে।’

‘হতাশ হবেন না। ডোনাল্ড ট্রাম্পই লড়াই করে যাবেন। বরাবরের মতো তারা কেবল দেখবেন!’

ট্রাম্পের আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘কোথায় রিপাবলিকানরা! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনই ভুলবে না।’

নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ২৭০-এর সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন।

নিশ্চিত পরাজয় দেখে প্রলাপ বকছেন ট্রাম্প। ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন। প্রয়োজনে সুপ্রিমকোর্টে যাবেন বলেও হুমকি দিয়ে রেখেছেন তিনি।