আন্তর্জাতিক ডেস্ক: বাকি বিশ্বকে উপেক্ষা করে ট্রাম্প কোনোভাবেই অ্যামেরিকাকে ‘গ্রেট’ বানাতে পারবেন না বলে মন্তব্য করেছেন মারকেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে অনুসরণ করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না জার্মানি।
সংবাদপত্র হান্ডেলজব্লাট-এর আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন মারকেল।
তিনি বলেন, ট্রাম্পের ‘সবার আগে অ্যামেরিকা’ নীতি, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্ব না বাড়িয়ে উল্টো কমাতেই ভূমিকা রাখছে।
জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘বিশ্বের ব্যাপারে কোনো কিছু আসে যায় না, শুধু নিজের ব্যাপারেই চিন্তা করে, এমন অ্যামেরিকা মোটেও বড় বা মহান দেশ হতে পারে না।” শত্রুদের আলাদা করে কোণঠাসা করার যে ‘নীতি’ ট্রাম্প নিয়েছেন, তারও সমালোচনা করেন মারকেল।
পৃথিবীর অন্যপ্রান্তে উত্তর কোরিয়ায় যুদ্ধে জার্মানির জড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়েই দেন মেরকেল। বলেন, ‘‘সব ধরনের কূটনৈতিক পথ চেষ্টা করা হয়েছে, এমন বক্তব্যের সাথে আমি একমত নই”।
উত্তর কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার এই অঞ্চলে বড় ধরনের স্বার্থ রয়েছে৷ ফলে তারা পিয়ংইয়ংয়ের পরিস্থিতি যতটা পারা যায় শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে। মারকেল মনে করেন, দেশগুলোর পশ্চিমা মিত্রদেরও উচিত তাদের এই উদ্যোগকে সমর্থন করে যাওয়া।
‘‘আমরা ঠিক তাই করবো,” বলেন মারকেল।
‘‘ন্যাটোতে সব দেশে নিজেদের অবদান সমানভাবে রাখে না” – ট্রাম্পের এমন বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন মারকেল।
জার্মানিতে জিডিপির দুই শতাংশ সামরিক খাতে ব্যয় করা হলেও, তাতে সামাজিক খাতে ব্যয়ে প্রভাব পড়বে না বলে জানান দেশটির চ্যান্সেলর।















