ঢাকা সংবাদদাতা: করোনার কারণে এপ্রিল-মে দুই মাস ব্যবসা বন্ধ ছিল। এরপর জুলাই মাস থেকে শুরু হয়ে চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তা খোড়াখুড়ি। এভাবেই নবাবপুর এলাকার ব্যবসায়ীদের কয়েকমাস ধরে ব্যবসায় চরমমন্দা চলছে। ফুটপাত বরাবর পুরো নবাবপুর রাস্তা কেটে প্রায় খাল বানিয়ে রাখা হয়েছে। কাটারাস্তার উপর নিজের পয়সা খরচ করে বাঁশের পাটাতন বসিয়ে পুল বানিয়ে কাস্টমারদের মার্কেটের ভেতরে আনার পথ করেছেন ব্যবসায়ীরা। এখন মার্কেটগুলোতে প্রবেশের পথ একমাত্র এই বাঁশের পাটাতনগুলো।
আজ সোমবার বেলা ১১টা থেকে কাপ্তানবাজার কমপ্লেক্সে প্রবেশের প্রধান বাঁশের পাটাতনের প্রবেশমুখে একজন মোটরসাইকেল পার্কি করে রাখে। এ সময় ব্যবসায়ীরা তাকে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু রাস্তা না ছেড়ে সে নিজের মোটরসাইকেলের উপর বসে রাস্তা বন্ধ করে রাখে। উল্টো নিজকে পুলিশের ‘পুত্র’ বলে ব্যবসায়ীদের শাসিয়ে যায়। প্রায় ৫০ মিনিট রাস্তা বন্ধ রাখার পর ব্যবসায়ীরা ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে শেষ পর্যন্ত পুলিশের ‘পুত্র’ বলে কথিত লোকটিকে সরাতে পেরেছিল। ব্যবসায়ীরা অভিযোগ করলেও ট্রাফিক পুলিশ সেই পুলিশের ‘পুত্র’কে আটক কিংবা তার বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করেনি বলে জানা গেছে।















