ব্যাননকে ‘চিফ স্ট্র্যাটেজিস্ট’ পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

650

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজের ‘চিফস্ট্র্যাটেজিস্ট’ পদ থেকে স্টিভ ব্যাননকে সরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারা হুক্যাবি স্যান্ডার্স নিশ্চিত করেন, শুক্রবারই হোয়াইট হাউজে ব্যাননের শেষ কর্মদিবস ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে আলোচনা করেই চিফ স্ট্র্যাটেজিস্টের পদ ছাড়তে হলো ব্যাননকে।

ব্যানন একজন ডানপন্থী জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এবং ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কের সাবেক প্রধান। তিনি যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণায় ‘আমেরিকা ফার্স্ট’ দর্শনকে একটি আকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে বিভিন্ন সময় সমালোচকরা ব্যাননের বিরুদ্ধে এন্টি সেমেটিক ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তোলেন।

আমেরিকার গণমাধ্যমগুলোতে কয়েকদিন ধরেই বলা হচ্ছিল, স্টিভ ব্যানন মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হোয়াইট হাউজের পশ্চিম অংশের (ওয়েস্ট উইং) সঙ্গে দ্বন্দ্বে জাড়িয়ে পড়েন। এমনকি তিনি ট্রাম্প পরিবারের সঙ্গেও ক্ষমতার দ্বন্দ্বে জড়ান।

অনেকে মনে করছেন, স্টিভ ব্যানন একজন সিনিয়র হিসেবে হোয়াইট হাউজের পরামর্শক হিসেবে বিদায় নিলেন। তবে সেখানে ‘ব্যাননিজম’ দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তার করবে।

জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ব্যাননের ওপর ক্ষেপেছেন। কারণ ট্রাম্প মনে করেন, নির্বাচনি প্রচারণার সফলতার জন্য তারই সুনাম করা উচিত, ব্যাননের নয়। কিন্তু নির্বাচন শেষে ট্রাম্প লক্ষ্য করেন, নির্বাচনি সফালতার সব ক্রেডিট ব্যানন দাবি করছেন।