ওয়ানবাংলানিউজ: লন্ডনের হোয়াইট সিটি এলাকায় লকডাউন আইন ভেঙ্গে একটি মিউজিক পার্টি আয়োজনকে কেন্দ্র পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। অনুষ্ঠান থামাতে গিয়ে হামলায় অন্তত ৭ জন পুলিশ অফিসার আহত হয়েছেন। খবর বিবিসি
মেট পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে হোয়াইট সিটির হ্যাভলক স্ট্রীটে মিউজিক বা সংগীতের যন্ত্রপাতি নিয়ে বিশাল জমায়েত হচ্ছে বলে খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে হাজির হয়। এ সময় পুলিশ অফিসারদের লক্ষ্য করে জমায়েত থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এই হামলার খবর পাওয়ার পর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অফিসাররা সেখানে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন এবং জমায়েতকে ছত্রভঙ্গ করতে সমর্থ হন।
পরবর্তীতে পুলিশ অত্র এলাকাকে ৬০ ধারা জারির মাধ্যমে স্টপ এন্ড সার্চ শুরু করে। তবে পুলিশের উপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে কাউকে গ্রেফতার করা হয়নি।
এঘটনার নিন্দা জানিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান।
উল্লেখ্য এর আগে লকডাউন উপেক্ষা করে দক্ষিন লন্ডনের ব্রিক্সটনে আয়োজিত একটি বেআইনী গানের অনুষ্ঠান ছত্রভঙ্গ করতে গিয়ে পাল্টা হামলায় ২২ জন পুলিশ অফিসার আহন হয়েছিলেন।















