হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

269

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বড় বহুলা গ্রামের জমির আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মনিরুল করোনার উপসর্গ জ্বর, সর্দিতে আক্রান্ত হন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করেছে। নমুনা সিলেটে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন কার্য সম্পন্ন করা হবে। রিপোর্ট এলে বুঝা যাবে তার করোনা ছিল কি না।