সস্ত্রীক করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

563

ঢাকা সংবাদদাতা: সস্ত্রীক মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। যদিও এর আগে তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। এ ছাড়া মোহাম্মদ নাসিমের স্ত্রী এর আগেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বর্তমানে রাজধানীর শ্যামলীতে অবস্থিত স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। আজ সোমবার বিকেলে নমুনা পরীক্ষায় তার বাবার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয় বলে জানান তিনি।

তানভীর শাকিল জানান, চার দিন আগে তার বাবার আরেকবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তখন ফলাফল নেগেটিভ আসে। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে আজ সোমবার তাকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সাবেক এ সংসদ সদস্য আরো জানান, তারা কিছুক্ষণ আগেই নমুনা পরীক্ষার ফল জানতে পেরেছেন। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তানভীর শাকিল।