খেলাধুলা ডেস্ক: ২০১২ সালে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ট্রফি জয়ের অন্যতম কুশীলব ছিলেন দুই বাঙালি ক্রিকেটার সাকিব আল হাসান ও মনোজ তিওয়ারি। গোটা টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করেন তারা।
সেবার ২৭ মের ফাইনালেও দুজনের অবদান ছিল অসামান্য। অথচ ফাইনালি লড়াইয়ের কথা স্মৃতিচারণ করতে গিয়ে তাদের স্মরণ করতে ভুলে গেল কেকেআর।
এতে চরম ‘অপমান’ বোধ করছেন তিওয়ারি। পাল্টা জবাবে ফ্র্যাঞ্চাইজিটিকে ধুয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি প্রথমবার শিরোপা জয়ের স্মৃতি রোমন্থন করেছে কলকাতা নাইট রাইডার্স। সোশ্যাল মিডিয়া টুইটারে তারা লিখেছে- ২৭ মে ২০১২ রাতটি প্রতিটি নাইট রাইডার্সের (হৃদয়ের) খুব কাছে। প্রথমবার শিরোপা জয়ে সবসময় অগাধ আবেগ ও অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আপনার কোনটি?
ওই টুইটে হ্যাশট্যাগ দিয়ে ম্যাচসেরা ভারতীয় ক্রিকেটার মানবিন্দর বিসলা, ক্যারিবীয় তারকা স্পিনার সুনিল নারাইন, নিউজিল্যান্ডের সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম এবং সাবেক অজি পেসার ব্রেট লিকে মনে করে কেকেআর। কিন্তু সাকিব ও তিওয়ারির নাম নেননি তারা।
চোখে পড়তেই তীব্র ভাষায় এমন উপেক্ষার প্রতিবাদ করেছেন তিওয়ারি। এক টুইটবার্তায় তিনি বলেন, হ্যাঁ, আমার সঙ্গে আরও অনেকের অনেক স্মৃতি ও আবেগ আছে। এটি সারাজীবন থাকবে। কিন্তু আপনাদের টুইটে তো আমার ও সাকিবের নাম নেই। দুজনের কথা আপনারা ভুলে গেছেন। আমাদের নাম উচ্চারণ না করায় অপমান বোধ করছি। এ টুইট সব নাইট রাইডার্সের (হৃদয়ে) গেঁথে থাকবে? হতাশাজনক!
তিওয়ারি এমন প্রতিবাদ দেখে অবশ্য টনক নড়েছে কেকেআরের। তারা ফিরতি টুইটে লিখেছে– একটি ছবিতে তাকে ট্যাগ করা হয়েছে।
টুইটটি এ রকম– মনোজ তোমাকে ভোলার উপায় নেই। আমাদের স্পেশাল রাতের বিশেষ একজন তুমি। তোমাকে কখনই মিস করতে পারি না। তুমি ছিলে, সবসময়ই ২০১২ সালের বিজয়ে তুমি হিরো থাকবে।
তবু সাকিবের নাম মুখে নেয়নি বলিউড কিং শাহরুখ খানের দল। অথচ শিরোপা নির্ধারণী ম্যাচে অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। ওই দিন প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯০ রানের পাহাড় গড়ে চেন্নাই সুপার কিংস।
এর একটি শিকার করেন সাকিব। রানবন্যার মধ্যে তিন ওভার হাত ঘুরিয়ে ২৫ রান খরচায় চেন্নাই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়নার (৭৩) উইকেট নেন তিনি। কেকেআরের হয়ে সেদিন দ্বিতীয় সেরা বোলিং ফিগার ছিল বাংলাদেশ অলরাউন্ডারের। রজত ভাটিয়ার পর তিনিই সবচেয়ে কম রান খরচ করেন।
জবাবে ২ বল হাতে রেখেই ১৯১ রান তাড়া করে ফেলে কেকেআর। ওপেনার বিসলার ৮৯ আর জ্যাক ক্যালিসের ৬৯ রানেই মূলত জয়ের ভিত পেয়ে যান তারা। শেষে ফিনিশিং টাচ দেন তিওয়ারি (৯*) ও সাকিব (১১*)। দুজনই অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।















