করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক ও ঢাবি কর্মকর্তার মৃত্যু

677

ঢাকা সংবাদদাতা: করোনার উপসর্গ নিয়ে এক চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে মারা যান নর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুর রহমান।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের প্রধান ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা জ্যোতির্ময় পাল সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান।

ঢামেকের করোনা ইউনিটের দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আনিসুর রহমানকে সোমবার সকালেই হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনার উপসর্গ ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, আনিসুর রহমান নর্দান মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। মেডিকেল কলেজটির ফরেনসিক বিভাগের চিকিৎসক ছিলেন তিনি।

জ্যোতির্ময় পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব।

আব্দুল মোতালেব জানান, জ্যোতির্ময় পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি রায়েরবাজারে একটি ওষুধের দোকানও পরিচালনা করতেন। এক সপ্তাহ আগে জ্বর-সর্দিতে আক্রান্ত হন তিনি। ওষুধ সম্পর্কে ধারণা থাকায় নিজে নিজে সেবন করে মোটামুটি সেরেও ওঠেন। রোববার শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় তার। ওই অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও ভর্তি না নিয়ে জ্যোতির্ময় পালের নমুনা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে ওইদিন রাতেই শ্বাসকষ্ট বাড়লে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সেখানে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় সোমবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের লোকজনকে শ্মশানে নেয়ার পর তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত অবহিত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।