ঢাকায় ৭৩ পুলিশ করোনায় আক্রান্ত

554

ঢাকা সংবাদদাতা: মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ৮ মার্চ দেশে করোনা শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর‌্যন্ত দেশে ১১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অন্তত ৩৩৮২ জন।

করোনাভাইরাসের সংক্রমণে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ সদস্যদের ঝুঁকিও বাড়ছে দিন দিন। বিভিন্ন জেলায় কোনো নির্দিষ্ট থানাতেই বহু সংখ্যক পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।শুধু তাই নয় খোদ ঢাকা মহানগরে পুলিশেরই (ডিএমপি) ৭৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও রয়েছেন। ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন এডিসি, তিনজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিনজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল বলে জানা গেছে।

আক্রান্তদের মধ্যে বেশির ভাগই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের। এই বিভাগের উত্তর শাখার ১৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। পিওএস পূর্ব শাখায় আক্রান্ত ৬ জন। এরপর রয়েছে পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগ। এই বিভাগের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিম ট্রাফিক বিভাগেও ৯ জন আক্রান্ত।

পুলিশ কর্মকর্তারা জানান, মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২১টি বিভাগের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।