ঢাকা থেকে আরো দুটি হজ ফ্লাইট বাতিল হল

521

ঢাকা সংবাদদাতা: পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বুধবার ঢাকা থেকে দু’টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ভিসা জটিলতার কারণেই এ যাত্রী সংকট তৈরি হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজি-৫০৪৫ ফ্লাইটটি আজ ভোর পাঁচটায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল।

শাকিল মেরাজ জানান, ভিসা জটিলতা, ই-টোকেন ও পার্সপোর্ট জটিলতায় হজযাত্রী সংকট রয়েছে। এ কারণে আজ ঢাকা থেকে দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেন বিমানের জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা।

এদিকে হজ ফ্লাইট বাতিল ও এ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ হবে ১ সেপ্টেম্বর।