খেলাধুলা ডেস্ক: করোনা ভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। একে একে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা। এবার ঘরোয়া খেলাধুলাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনগুলোকে নিয়ে সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই সভা শেষে মন্ত্রী জানিয়েছেন আপাতত দেশের সব খেলাধুলা বন্ধ থাকবে।
এর মানে সাত ভেন্যুতে চলমান প্রিমিয়ার ফুটবল লীগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগও বন্ধ হয়ে যাচ্ছে। সভা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতির কারণে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। আপাতত সব খেলা তাই বন্ধ থাকবে।’
মন্ত্রীর ঘোষণার সঙ্গে বন্ধ হয়ে গেলো চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ও ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটও।
স্কুল ফুটবলও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।















