ঢাকা সংবাদদাতা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কলো পতাকা উত্তোলন, সকাল ৬ টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং সেখান থেকে নিঃশব্দ পায়ে প্রভাত ফেরি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ২ টায় সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ঐদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন।















