বি. চৌধুরীর বাসায় বৈঠক রাজনীতির নতুন মেরুকরণ : কাদের

851

ঢাকা সংবাদদাতা: বুধবার রাতে দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়েছে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায়। আর এটি রাজনীতির নতুন মেরুকরণ। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে যা হচ্ছে তা ভালো দিক। তবে শেষপর্যন্ত এ মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখতে অপেক্ষা করতে হবে একাদশ সংসদ নির্বাচন পর্যন্ত।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্রের শত ফুল ফুটছে, এটা ভালো তো। আসলে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জোট হবে, গ্রুপ হবে, এটা হতে থাক, অসুবিধা কী?

ওবায়দুল কাদের বলেন, ভোটের রাজনীতিতে আদর্শগত বিষয়টা মুখ্য নয়। নির্বাচন হলো একটা কৌশলগত ব্যাপার। আর সেজন্যে আদর্শগতভাবে জোট না হয়ে কৌশলগত এবং সময়ের দরকারে ক্ষমতায় জেতে জোট হয়।

নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জোট গঠনের জন্য বৈঠক করছেন। তারা তো সেখানে ষড়যন্ত্র করছে না। জোট করুক তাতে অসুবিধা কী? তবে এসব জোট শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতে হবে।

এর আগে আ স ম রবের বাসার বৈঠকে পুলিশের বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে ছিল না। অতি উৎসাহী কেউ করেছে কিনা আমি জানি না। নির্বাচনী কোনো কর্মকাণ্ডে আমাদের সরকার কিংবা দলীয়ভাবে বাধা দেয়ার কোনো সম্ভাবনাই নেই।