আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে আজ সোমবার তেহরান সফরের কথা রয়েছে ইউরোপিয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেলের। তেহরান ও ব্রাসেলসের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন মিডিয়াকে। দু’দিনের এই সফরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এর মধ্য দিয়ে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা হবে। জোসেপ বোরেল দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ ও পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাত করবেন। ২০১৫ সালে প্রণোদনার ভিত্তিতে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে বিশ্বের ৬ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে।
কিন্তু যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সেই চুক্তি বাতিল করার কথা বলেন। তিনি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। ইরানের বিরুদ্ধে আরোপ করেন অবরোধ। মূলত এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। কখনও তা যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে।















