সৌদি বাদশাহর দেহরক্ষী অফিসারকে গুলি করে হত্যা

449

আন্তর্জাতিক ডেস্ক: ব্যক্তিগত বিবাদের জের ধরে সৌদি বাদশাহ সালমানের এক দেহরক্ষী অফিসারকে গুলি করে হত্যা করেছে তারই এক বন্ধু। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে এক বন্ধুর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান বাদশাহ সালমানের দেহরক্ষী জেনারেল আব্দেল আজিজ আল-ফাঘাম। সেখানে এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।

ঘটনাটি সম্পর্কে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে আল-ফাঘামের পাশাপাশি আরো কয়েকজন ছিলেন। সেখানে মামদৌহ বিন মেশাল আল আলি নামের এক বন্ধুর সঙ্গে ঝগড়া হয় তার। ঝগড়ার এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যান মামদৌহ। ফিরে আসেন বন্দুক নিয়ে।

উন্মুক্তভাবে গুলি চালান বন্ধুর ওপর। তার গুলিতে গুরুতরভাবে আহত হন আল-ফাঘাম। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় আরো সাত জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনই নিরাপত্তাকর্মী। আর বাকি দুইজন আল-ফাঘামের ওই বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশের বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় মামদৌহকে আÍসমর্পণ করতে বলা হয়েছিল। তবে তিনি সে আহ্বান প্রত্যাখ্যান করায়, তাকে গুলি করা হয়। পুলিশের গুলিতে মারা যান তিনি।

প্রসঙ্গত, সৌদিদের মধ্যে বেশ সুখ্যাতি ছিল জেনারেল ফাঘামের। সৌদি বাদশাহর ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। বহুদিন ধরে বাদশাহর দেহরক্ষী হিসেবে কাজ করছিলেন তিনি। বাদশাহ সালমানের দেহরক্ষী হওয়ার আগে দীর্ঘদিন প্রয়াত বাদশাহ আবদুল্লাহর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবেও কাজ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। বীর ও রক্ষাকারী ফেরেশতা হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে।