প্রিয়া সাহার সঙ্গে ওয়াশিংটনে দেখা হয়েছিল মাত্র: পররাষ্ট্রমন্ত্রী

1133

ঢাকা সংবাদদাতা: প্রিয়া সাহার সঙ্গে ওয়াশিংটনে দেখা হওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন তার সফরসঙ্গী হয়ে প্রিয়া সাহা ওয়াশিংটন গেছেন এ বিষয়টি নাকচ করে দেন তিনি।

শনিবার সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- ‘উনার (প্রিয়া সাহার) সঙ্গে আমাদের দেখা হয় ওয়াশিংটনে রিলিজিয়াস ফ্রিডম সম্মেলন অনুষ্টানে তিনি গিয়েছিলেন বেসরকারী একজন লোক হিসেবে। আমরা যেহেতু সরকারী লোক… দেশী লোক দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, গল্প হয়েছে। কিন্তু উনি যে কী কাজ করছেন সেটা আমরা জানি না। কে তাকে নিয়ে গেছে সেটাও আমরা জানি না।’

মন্ত্রী এ সময় আরো বলেন- ‘উনার (প্রিয়া সাহা) মুখ থেকে শুনেন কে তাকে নিয়ে গেছে। তবে আমরা দু:খিত হয়েছি উনার স্টেটমেন্টে। স্টেটমেন্টেটা মনে হলো একেবারে ভিত্তিহীন।

কারন- তিনি বলেছেন এদেশ থেকে চার কোটি মাইনরিটি উধাও হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে।’

মন্ত্রী এ সময় বলেন- তার এ কথা আমাদের খুব খটকা লেগেছে। বাট আমরা বাংলাদেশ রিলিজিয়াস হারমনিতে বিশ্বাস করি। আমরা পৃথিবীর মধ্যে রিলিজিয়াস হারমনির একটা মডেল। সকল নাগরিকের সমান অধিকার আছে। তাকে (প্রিয়া সাহা) তার অবস্থান বিবেচনা করা হবে। তবে হোছট করে আমরা কোনো কাজ করবো বলে আমার মনে হয় না।