মোদিকে আবারও আলোচনায় বসার আহ্বান ইমরান খানের

349

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরসহ অন্যসব সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা শুরু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুক্রবার চিঠি পাঠিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এতে ইমরান খান দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, দু’দেশের মানুষের দারিদ্রের মোকাবিলা এবং উন্নয়নের স্বার্থে আলোচনায় বসাই একমাত্র রাস্তা। ইমরানের ওই চিঠি নিয়ে অবশ্য নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। খবার আনন্দবাজার পত্রিকার। শুধু ইমরান খানই নন, নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

চিঠিতে কুরেশি জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশের খুব দ্রুত আলোচনার টেবিলে বসা প্রয়োজন। আগামী ১৩-১৪ জুন কিরগিস্তানের বিশকেকে এসসিও সম্মেলনে যোগ দিতে যাবেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী।

কিন্তু সেখানে মোদি ও ইমরানের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই- এ কথা জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে আলোচনার টেবিলে না বসলেও দুই রাষ্ট্রনেতার একাধিকবার দেখা হবে বিশকেক-এ। হবে সৌজন্য বিনিময়ও।

ওই সম্মেলনের কয়েকদিন আগে ইমরান ও কুরেশির চিঠিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।মনে করছেন বিশ্লেষকরা।

ভারতে ভোটের প্রচারের সময় থেকেই ইমরান বার্তা দিয়েছিলেন, মোদি এলে সেটা পাকিস্তানের পক্ষেই সুবিধাজনক।

ভোটের ফল ঘোষণার আগেই মোদিকে আগ বাড়িয়ে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি। পুলওয়ামায় হামলার পর থেকে যে আলোচনা বন্ধ ছিল, তা শুরু করা প্রয়োজন বলে মনে করেন দুদেশের সাধারণ মানুষ।