৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে: ইসি সচিব

357

ঢাকা সংবাদদাতা: নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দুই সিটির (উত্তর ও দক্ষিণ) সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে নির্বাচনে সব মিলিয়ে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটের হিসেব এখনো করিনি। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। কোনো কেন্দ্র স্থগিতও হয়নি।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি ইসি সচিব এসব কথা বলেন।

১ মার্চ ভোটার দিবসের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আগামীকাল জাতীয় ভোটার দিবস পালিত হবে। এই উপলক্ষে সারা দেশে আমরা এটা পালন করার জন্য উদ্যোগ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন কমিশনেও দিবস পালনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে শুরু হবে। কাল নতুন ৬ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্যক্রম শুরু হবে। তবে পুরো মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে তিনি বলেন, ‘মেয়র পদে উপ-নির্বাচনে বড় কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলর পদে ভোট হয়েছে সেখানে ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল।’