তাইওয়ানের স্বাধীনতা মৃতপ্রায়, ইতিহাসের বিরোধিতা: চীনা প্রেসিডেন্ট

606

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের স্বাধীনতা মৃতপ্রায় এবং ইতিহাসের চলমান ধারার বিরোধিতা বলে মন্তব্য করলেন চীনের প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) সাধারণ সম্পাদক সি চিনপিং।

বুধবার দেশটির রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাইওয়ানের জনগণের উদ্দেশে চীনা মূলভূখণ্ডের বার্তা প্রদানের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির সরকার পরিচালিত সিনহুয়া নিউজ এজেন্সি।

সি চিনপিং বলেন, দীর্ঘকালস্থায়ী রাজনৈতিক বৈসাদৃশ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে না। চীনের সম্পূর্ণ পুনরেকত্রীকরণকে নিজেদের ঐতিহাসিক দায়িত্ব মনে করে সেই ১৯৪৯ সাল থেকে সিপিসি, চীনা সরকার এবং জনগণ সবসময় তাইওয়ানের জনগণের সব ধরনের সমস্যা সমাধানের জন্য অটল থেকেছে।

এই শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের জন্য পাঁচটি প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন, জাতীয় পুনরেত্রীকরণের ক্ষেত্রে ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ’ এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিই সবচেয়ে ভালো উপায়। এতে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়ন নিশ্চিত এবং তাইওয়ানের সমাজ ব্যবস্থা ও জনগণের জীবনমান উন্নত হবে।

তিনি বলেন, তাইওয়ানবাসীর ব্যক্তিগত সম্পত্তি, ধর্মীয় বিশ্বাস এবং বৈধ অধিকার ও স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হবে। আমরা একই পরিবারের সদস্য। এক চীনা আরেক চীনাকে গুলি করবে না। আমরা সেনাবাহিনী তুলে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি না এবং সবধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিকল্প হাতে রাখবো।

চীনা প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নটি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এক্ষেত্রে বাইরের কারও হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। চীনা জনগণই চীনের যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর চীনের পুনরেকত্রীকরণে কোনও দেশের অর্থনৈতিক স্বার্থসহ যেকোনো বৈধ স্বার্থ ক্ষুণ্ণ হবে না।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি তাইওয়ানের জনগণের উদ্দেশে একটি প্রদান করে ন্যাশনাল পিপল’স কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি। এটাকে চীনের মূলভূখণ্ডের শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের ঘোষণা বিবেচনা করা হয়। এতে সামরিক সংঘাত স্থগিতের প্রস্তাব করা হয়। ভ্রমণ, ক্রস-স্ট্রেইট পরিবহণ, ডাক সেবা এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান-প্রদানকে উৎসাহিত করা হয়। ক্রস-স্ট্রেইট সম্পর্ক নতুন মাত্রা পায়।