ঢাকা সংবাদদাতা: যশোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার নাম আলামিন ওরফে বাবু। সোমবার ভোরে সদর উপজেলার খোলাডাঙ্গা-মণ্ডলগাতী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
নিহত আলামিন খোলাডাঙ্গা কলোনিপাড়ার মৃত আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে শহরতলীর চাঁচড়া দক্ষিণ পাড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল।
এই বন্দুকযুদ্ধ সম্পর্কে র্যাব ৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, সোমবার ভোররাতে মণ্ডলগাতী এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। তাদের উপস্থিতি টের পেয় সন্ত্রাসীরা গুলি করতে শুরু করে। পাল্টা গুলি চালায় র্যাবও। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে আশপাশে তল্লাশি চালিয়ে রাস্তার পাশে এক ব্যক্তিকে অস্ত্রসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা। তারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।















