বিয়ের আগে হবু বরের সঙ্গে দেখা করায় গুলি করে হত্যা

752

ক’দিন পরেই বিয়ে। এ নিয়ে দুজনের চোখে কত না স্বপ্ন! তো বিয়ের আগেই ছেলেটির তার হবু বধূকে দেখার খুব ইচ্ছা হলো। ভাবলেন, আর ক’দিন পরেই তো আমি ওকে বিয়ে করছি। দেখা তো করাই যায়। আমি তো আর এখন আর পরপুরুষ নই!’

যেই ভাবা সেই কাজ। সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে দেখা করতে গিয়েছিল তারা। কিন্তু ঘটনাটি দেখে ফেলে মেয়েটির মামা। সঙ্গে সঙ্গে গুলি করে দুজনকেই হত্যা করেন ওই পাষণ্ড। নির্মম এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নয়া ওয়াহি গ্রামে।

এই হত্যাকাণ্ডকে ‘অনার কিলিং’ হিসেবেই দেখছে পুলিশ।

মেয়েটির নাম ছিলো নাজিরান। সে কথা বলছিলো তার ভাবি স্বামী শহিদের সঙ্গে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন। না, তাদের মধ্যে কোন প্রেম ছিল না। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে ঠিক হয়েছিল তাদের। কিন্তু বিয়ের আগে পরস্পরের সঙ্গে দেখা করতে যাওয়ায় অপরিণত বয়সেই এভাবে জীবন দিতে হলো তাদেরকে। জোড়া খুনের ঘটনায় ঘাতক মামাকে আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তিারিত জানা যায়নি।

পাকিস্তানে এ ধরনের হত্যার ঘটনা প্রায়ই হয়ে থাকে। গত মাসে পরিবারের অমতে বিয়ে করায় বোন ও ভগ্নিপতিকে গুলি করে হত্যা করেছিল এক পাক যুবক। এই অনারকিলিংয়ের ঘটনাটি ঘটেছিল রাওয়ালপিন্ডি শহরে।

গত নভেম্বরে সিন্ধু প্রদেশে গ্রাম পঞ্চায়েতের নির্দেশে এক নব দম্পতিকে খুন করা হয়েছিল। পাকিস্তানের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী, দেশটিতে গত এক দশকে গড়ে প্রতি বছর ৬৫০টি অনার কিলিংয়ের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। কেননা এসব হত্যায় প্রায়শই থানায় অভিযোগ করা হয়না।

সূত্র: এনডিটিভি