মহিউদ্দিন চৌধুরীর জন্য আ.লীগের ৩ দিনের শোক

693

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে।

আজ রোববার সকাল থেকে দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর মুসাফিরখানা মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দলের তিন দিনের শোক কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। তা প্রতিটি ওয়ার্ডে পালিত হচ্ছে। আজ বিকেলে দোয়া মাহফিল ও আগামীকাল সোমবার কুলকানি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের ১২টি কমিউনিটি সেন্টারে একযোগে মিলাদ ও মেজবানের আয়োজন করা হয়েছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা। এসব মিলাদ ও মেজবান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেবেন।

মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. ওসমান গণি জানান, নগরীর কিং অব চট্টগ্রাম, কে স্কয়ার, কিশলয় কমিউনিটি সেন্টার, সুইস পার্ক, স্মরণিকা, এন মোহাম্মদ, কে বি কনভেনশন হল, ভিআইপি ব্রাংকুয়েট, গোল্ডেন টাচ, সাগরিকা কমিউনিটি সেন্টারে মুসলমানদের জন্য এবং অমুসলিমের জন্য রিমা কনভেনশন সেন্টারে মেজবান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকালে মহিউদ্দিন চৌধুরীর বাসায় মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবান অনুষ্ঠিত হবে।