ম্যানচেস্টারে বাস ধর্মঘটে ভোগান্তি, দুই-তৃতীয়াংশ সার্ভিস বন্ধ, বিশৃঙ্খলার আশঙ্কা

49

সাইফ হাসান: গ্রেটার ম্যানচেস্টারে শুরু হয়েছে চার দিনের বাস ধর্মঘট। প্রায় দুই হাজার চালক বেতন বাড়ানোর দাবিতে কাজে যোগ দেননি। ফলে স্কুলবাসসহ দুই-তৃতীয়াংশ সার্ভিস বন্ধ হয়ে গেছে। যাত্রীদের আগেই পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। কিছু রুটে টিকিট ট্রাম ও ট্রেনে ব্যবহার করা যাচ্ছে।

ট্রান্সপোর্ট ফর গ্রেটার ম্যানচেস্টার জানিয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চলবে এ ধর্মঘট। উইগান ও বোল্টনে সীমিত সেবা চালু থাকলেও দক্ষিণ ও পূর্ব ম্যানচেস্টারে ভয়াবহ প্রভাব পড়বে।

ইউনাইট ইউনিয়ন জানিয়েছে, চালকদের জন্য প্রস্তাবিত ৩.৫ থেকে ৬ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। আঞ্চলিক কর্মকর্তা কলিন হেইডেন বলেন, এ ধর্মঘট ম্যানচেস্টারে বড় ধরনের যাতায়াত বিশৃঙ্খলা তৈরি করবে।

ধর্মঘট চলতি সপ্তাহেই সীমাবদ্ধ নয়। ইউনাইট জানিয়েছে, স্টেজকোচ, ফার্স্ট বাস রচডেল ও মেট্রোলাইন কর্মীরাও ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আরও ধর্মঘট করবেন যদি সমঝোতা না হয়।

বাস কোম্পানিগুলো বলছে, তারা সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ট্রান্সপোর্ট নেটওয়ার্কের প্রধান কর্মকর্তা ড্যানি ভন দুঃখ প্রকাশ করে জানান, তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারছেন না। ফলে বেতন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে অপারেটরদের ও ইউনিয়নকে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগেই যাতায়াত পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।