সাত ইস্যুতে সরকারি কর্মচারীদের সতর্ক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

21

স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে নিরাপদ রাখতে সরকারি সব পর্যায়ের কর্মচারীদের সতর্ক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২৮ জুলাই) সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠীর যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য নিম্নরূপ অধিকতর সাবধানতা অবলম্বন করা যেতে পারে।

১. সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে।

২. এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

৩. এরূপ অপরাধের বিষয়ে কোনও তথ্য পেলে গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করা যেতে পারে, যাতে গোয়েন্দা সংস্থা সিন্ডিকেটকে চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে।

৪. সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদের পরিচয়, অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা।

৫. কোনও প্রলোভনমূলক ভিডিও কল, ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা।

৬. অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া।

৭. অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করা।

এমতাবস্থায় উল্লিখিত বিষয়ের আলোকে চিঠিতে মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতরের কর্মকর্তাদের নির্দেশনা দিতে সিনিয়র সচিব ও সচিবদের অনুরোধ জানানো হয়।