টিকা নিন, নইলে মরতে হবে: জার্মান স্বাস্থ্যমন্ত্রী

190

আন্তর্জাতিক ডেস্ক: ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মধ্যে জার্মানির নাগরিকদের সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। ভ্যাকসিন না নেওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি নাগরিকদের হুশিয়ারি দিয়েছেন, ‘টিকা নিন, নইলে মরতে হবে।’

স্থানীয় সময় সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে ইয়েন্স স্পান বলেন, এই শীত শেষ হতে হতে হয় ভ্যাকসিন নিয়ে সুস্থ হতে হবে, নতুবা মরতে হবে। খবর বিবিসির।

জার্মানিতে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। করোনা রোগী দিন দিন বাড়ছে। বহু হাসপাতাল রোগীতে পরিপূর্ণ।

জার্মানিতে ইতোমধ্যে ৬৮ শতাংশ লোক ভ্যাকসিনের আওতায় এসেছেন। যেটি পশ্চিম ইউরোপের দেশগুলোতে টিকা গ্রহণের সর্বনিম্ন হার।

মহামারি শুরু হওয়ার পর থেকে জার্মানিতে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ছিল। তখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৬৪৩ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বে এটিই সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড।

যেসব এলাকায় টিকা গ্রহণের হার কম সেখানে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রিসমাস উৎসব সামনে রেখে বেশ কয়েকটি বিপণন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

জার্মানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিরোধী ছিলেন তিনি। তবে করোনার টিকা নেওয়া সবার নৈতিক দায়িত্ব কারণ একজন থেকে অন্যজন সংক্রমিত হয়।

সংবাদ সম্মেলনে জার্মান স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা মানে দায়িত্ববান হওয়া। করোনার টিকা নেওয়ার মাধ্যমে সমাজের প্রতি আপনার দায়িত্ব পালন করুন।’