দক্ষিণ আফ্রিকার সাবধানী শুরু

835

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে। আজ ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ের শুরুটা করেছেন এইডেন মার্করাম ও ডিন এলগার।

শুরুটা সাবধানের সঙ্গেই করেছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে ডু প্লেসিসের দল। এলগার ২৮ ও মার্করাম ১৮ রান করে অপরাজিত রয়েছেন। পেসবান্ধব উইকেটে প্রোটিয়া ব্যাটসম্যানদের ওপর এখন পর্যন্ত কোনো প্রভাব বিস্তার করতে পারেননি মুস্তাফিজ-শফিউল-মিরাজরা।

এর আগে তিনজন পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে আছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম।

ব্যাটিং অর্ডারেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলে ফিরেছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে।

চার পেসার নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। মরনে মরকেল ও কাগিসো রাবাদার সঙ্গে ডুয়েন অলিভারকে পেস বোলিং বিভাগের দায়িত্ব সামলাতে হবে। চতুর্থ পেসার হিসেবে অভিষেকে হচ্ছে অ্যানদিলে ফেলুকায়োর।