রাহুলের ডাকা বিরোধী দলগুলোর বৈঠকে অনুপস্থিত তৃণমূল

161

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি-বিরোধী শক্তিকে একজোট হওয়ার বার্তা নিয়ে দিল্লি গেলেও সংসদে বিরোধী দলগুলোর বৈঠকে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

বুধবার সকালে সংসদে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী দলগুলোর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়- রাহুল গান্ধীসহ বিরোধী দলনেতারা যৌথভাবে মুলতুবি প্রস্তাব আনবেন সংসদে। তবে এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

এদিকে বৈঠক শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আমরা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে পেগাসাস বা কৃষকদের সমস্যা, কোনোটাকেই ছোট করে দেখতে রাজি নই। আমরা সংসদে আলোচনা চাই।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন সকাল ১০টায় সংসদে সম মনোভাবাপন্ন বিরোধী দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পেগাসাসসহ একাধিক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে আরও কড়া অবস্থানের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে। তবে সেখানে তৃণমূল অনুপস্থিত থাকায় বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধীদের এক করতে দিল্লি পৌঁছেছেন। আজই তার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসার কথা, সেখানে রাহুলের উপস্থিতিতে বিরোধীদের বৈঠকে দেখা মিলল না কোনো তৃণমূল সংসদ সদস্যের।

রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী দলের নেতারা আজ লোকসভায় পেগাসাস ইস্যুতে মুলতুবি প্রস্তাব পেশ করবেন বলে জানা গেছে। নির্ধারিত অন্যান্য বিষয়ে আলোচনা সরিয়ে রেখে পেগাসাস নিয়ে আলোচনার দাবি জানানো হবে। তবে এই ছকে তৃণমূল নিজেদের নাম লেখায়নি।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দিল্লিতে। তাই পেগাসাস, কৃষি আইন, পেট্রোলের দাম বৃদ্ধিসহ নানা বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে বিরোধীরা একজোট হওয়ার ক্ষেত্রে আরও বেশি করে তৎপর হবে বলে মনে করা হলেও আপাতত একলা চলো নীতি ধরেছে তৃণমূল।