ঢাকা সংবাদদাতা: ভারতের পররাষ্ট্র সচিবের সফরে চলমান করোনাকালে সৃষ্ট বাণিজ্যিক সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি জানান, সচিবের এই সফরে কোভিডের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। একইসঙ্গে ভারতে ভ্যাকসিন আবিস্কারের সম্ভাবনা রয়েছে। সেই ভ্যাকসিন আমরা কীভাবে পাবো সেটি নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আজ সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবেশীর সঙ্গে অনেক সমস্যা থাকে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। এবার কয়েকটি ভালো কাজ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যখন ট্রাকে মাল আসছিলো তখন বন্ধ হয়ে গিয়েছিলো। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছিলো যারা বাংলাদেশে আসবে, এই কোভিডের সময় তাদের কাউকে যেতে দেবে না। তার ফলে হাজার হাজার ট্রাক আটকে গেলো।
আমাদের ট্রাকও আটকা পড়লো তবে ওদের বেশি। পরে আমরা রেলওয়ে দিয়ে মাল নিয়ে আসলাম। এতে ঝামেলাটা দূর হয়েছে।
এ সময় সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














